কালিয়াকৈরে ইউপি সদস্যের অবৈধ করাত কল উচ্ছেদ করল বনবিভাগ

গাজীপুরের কালিয়াকৈরে এক ইউপি সদস্যের একটি অবৈধ করাত কলে (স’মিল) উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় করাত কলের বিভিন্ন যন্ত্রাংস ও কাঠ জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রশিদপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এলাকাবাসী ও বনবিভাগ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বনের জমি জবর-দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও সরকারি শালবন ও প্লটের বাগান ধ্বংসের মহোৎসব চলে। দিনে-রাতে এসব সরকারি গাছ কেটে বনের ভেতর বসানো করাত কলে চিড়াই করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রা রেঞ্জের বোয়ালী বিট অফিসের আওতায় রশিদপুর এলাকায় অভিযান চালায় বনবিভাগ। চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে ও বোয়ালী বিট কর্মকর্তা ইউনুছ আলীর সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন কাচিঘাটা বিট কর্মকর্তা, পুলিশ সদস্যসহ বনবিভাগের লোকজন। অভিযান চালিয়ে স্থানীয় চাপাইর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) যুবায়ের পালোয়ানের অবৈধ করাত কল উচ্ছেদ করা হয়। এ সময় ৬৫ পিস আকাশ মনি গোলকাঠ উদ্ধার ও অবৈধ করাত কলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ইউপি সদস্যের নামে একাধিক বন মামলা করা হয়েছে। এ উচ্ছেদের ঘটনায় তার বিরুদ্ধে বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।