বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে একযোগে অনুষ্ঠিত হয়।
এসব ওয়ার্ডের সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, জেলা বিএনপির সদস্য আখতারুজ্জামান শাহজাহান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহজাহান খান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এ. কালাম প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতারা।
কর্মী সমাবেশ ও সদস্য সংগ্রহ অভিযানে বক্তারা বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরে বলেন, এই দফাগুলোর ব্যাপক প্রচার চালাতে হবে। তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছে, সেটিও জনগণের সামনে তুলে ধরতে হবে।
বক্তারা পঞ্চগড়-০১ আসনে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। তারা বলেন, এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এসব প্রচারণায় জনগণকে সম্পৃক্ত করতে হবে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এলাকা ভিত্তিক জনসেবামূলক কাজে অংশগ্রহণেরও আহ্বান জানান তারা।
সমাবেশগুলোতে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে বিজয়ী করে ঘরে ফেরার অঙ্গীকার করেন।
ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাই এসব সমাবেশের আয়োজন করেন। কর্মী সমাবেশে ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
এদিকে, ৮ নম্বর ওয়ার্ডের উত্তর প্রধানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে লক্ষপতিপাড়া গ্রামের অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দেন।