গাজীপুরের টঙ্গীতে এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। প্রধান সড়কে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকার স্টেশন রোডে ঘটনাটি ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম মো. সাঈদ (৬০)। তিনি গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগের কনস্টেবল। আটক চালকের নাম মো. মুস্তাকিন (৩৫)। তিনি দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ওই রাতে দায়িত্ব পালনের সময় কনস্টেবল সাঈদ রিকশা ও অটোরিকশাগুলোকে মূল সড়কে উঠতে নিষেধ করেন। কিন্তু মুস্তাকিন নির্দেশ অমান্য করে প্রধান সড়কে প্রবেশের চেষ্টা করলে কনস্টেবল সাঈদ তার টেস্টার দিয়ে অটোরিকশার টায়ার ফাটিয়ে দেন।
এতে ক্ষিপ্ত হয়ে চালক গাড়ি থেকে নেমে কনস্টেবলের মাথায় আঘাত করেন। এতে সাঈদের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেন।
পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মুস্তাকিনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি ওহিদুজ্জামান বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”