মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকার করার অপরাধে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে মোট ২১ কেজি ইলিশ, দুটি মাছ ধরার নৌকা এবং প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিন জেলের মধ্যে দুজনকে এক মাসের কারাদণ্ড এবং অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলেন তেওতা গ্রামের আবু বকর শেখের ছেলে মিলন শেখ ও লালন শেখ, এবং একই গ্রামের আনছের শেখের ছেলে মজিবর রহমান। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা বিতরণ এবং অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। এছাড়া আটক দুটি নৌকা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন দেশ রূপান্তরকে জানান, অব্যাহত অভিযানে গত ছয় দিনে ৬ জনকে আটক ৩ লাখ মিটার জাল ধ্বংস ও ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়।