রাজধানীর মিরপুরে আনসার ক্যাম্প বিহারী পাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
শিশুটির মা নার্গিস আক্তার জানান, তারা মিরপুর-১, আনসার ক্যাম্প, বিহারি পাড়ায় থাকেন। তিনি নিজে অন্যের বাসায় কাজ করেন। আর শিশুটির বাবা শারীরিক অসুস্থ। ক্যাম্পের ভেতরে একটি মাদরাসায় লেখাপড়া করে তামিম।
তিনি জানান, শুক্রবার তামিমের মাদরাসা বন্ধ থাকায় সে বাসায় ছিল। সকাল বেলায় মা নার্গিস তাকে বাসায় রেখে কাজে চলে যান। এরপর সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে বাড়িতে অনেক মানুষের ভিড় দেখতে পান। তখন জানতে পারেন, বিহারীপাড়া মসজিদের পাশে ময়লার ভাগাড়ে বল সদৃশ্য একটি বস্তু পেয়ে খেলার জন্য সেটি নিয়ে আসে তামিম এবং তার সাথে থাকা কয়জন শিশু। পরে সেটি নিয়ে মসজিদের পাশে খেলছিল। এক পর্যায়ে সেটি বিস্ফোরণ ঘটে। এতে তামিমের পেটের ডান পাশে এবং ডান হাতে মারাত্মক জখম হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শিশুটি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।