তারাব পৌরসভার নগর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এডিবির প্রতিনিধি দল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় আরবান প্রাইমারি হেলথ প্রকল্প পরিদর্শন করেছেন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দল। শুক্রবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের আওতায় থাকা দুইটি নগর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন তারা। পরে বেলা ১২টার দিকে উপজেলা খাদুন এলাকায় তারাব পৌরসভা মিলনায়তনে পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী। এসময় স্বাগত বক্তব্য রাখেন, তারাব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান এডিবির নির্বাহী পরিচালক সিজিও সিমিজো, এডিবির কান্ট্রি পরিচালক হো ইয়ান জিয়োং স্টিভসহ আরো অনেকে। জাপান এডিবির প্রতিনিধি দল তারাব পৌরসভার নগর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। এডিবির প্রতিনিধি দলকে বাঙালি সংস্কৃতি জামদানী শাড়ি উপহার দেওয়া হয়। 

স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী বলেন, আমাদের দেশে মফস্বল ও গ্রামে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ এখনো স্বাস্থ্য সচেতন নয়। তারাব পৌরসভায় অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে। এসকল শিল্প কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এডিবির অর্থায়নে করা আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে নামমাত্র মূল্যে সেবা পাচ্ছেন। আরবান প্রাইমারি হেলথ প্রকল্প সারাদেশে চালু করা গেলে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবে।