নরসিংদীর বেলাবতে আড়িয়ালখাঁ নদে গোসল করতে নেমে তামিম মিয়া (১২) নামে এক শিক্ষার্থী নিখোঁজের ২৩ ঘণ্টা পরে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।
আজ শুক্রবার সকালে উপজেলার চর-বেলাব ও বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের আড়িয়ালখাঁ নদ হতে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তামিম মিয়া বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের গাঙ্গুলপাড়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে। সে চর-বেলাব দারুল উলুম মইনুল ইসলাম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুর একটার দিকে বন্ধুদের সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে তামিম। সাঁতার না জানায় এবং স্রোত বেশি থাকায় সে পানিতে ভেসে যায়। দীর্ঘক্ষণ তাকে ভাসতে না দেখে তার সঙ্গে থাকা বন্ধুরা আশপাশের লোকজনকে ডাকতে থাকে। তারা এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে খবর পেয়ে বেলাবরের ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান না পাওয়ায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এসে যৌথভাবে অভিযান পরিচালনা করে থাকে। পরে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত অভিযান চলে। পরে নিহতের মরদেহের খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
এদিকে পরের দিন (১০ অক্টোবর) শুক্রবার সকাল ৮টা থেকে আবার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে বেলা ১২টার দিকে তামিমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
বেলাব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. মোজাম্মেল হক বলেন, আমরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাই। পরে শুক্রবার সকালে আড়িয়াল খাঁ নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।