ট্রাম্প শান্তিতে নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হোয়াইট হাউস নোবেল কমিটির সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং বলেছেন, নোবেল কমিটি প্রমাণ করেছে যে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়।

শুক্রবার (১০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ট্রাম্প একজন মানবতাবাদী হৃদয়ের অধিকারী এবং তার মতো দৃঢ়চেতা নেতা বিরল। তিনি আরও উল্লেখ করেন, নোবেল কমিটির এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তারা প্রকৃত শান্তির চেয়ে রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।

ট্রাম্প বহুবার প্রকাশ্যে দাবি করেছেন যে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। গতকালও তিনি জোর দিয়ে বলেন, তার প্রথম ও দ্বিতীয় মেয়াদে গাজা যুদ্ধসহ অন্তত আটটি বৈশ্বিক সংঘাতের সমাধান তিনি এনেছেন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এসব সংঘাতের বেশ কয়েকটি স্থায়ী শান্তি নয় বরং অস্থায়ী যুদ্ধবিরতি বা আঞ্চলিক সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট।

এছাড়া, চলতি বছরের শুরুতে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের মধ্যস্থতায় ট্রাম্পের ভূমিকা থাকার কথা জানা যায়। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর ক্ষেত্রে তার জড়িত থাকার প্রমাণ তুলনামূলকভাবে সীমিত। কারণ, নয়াদিল্লি তার ভূমিকার গুরুত্ব খাটো করে দেখিয়েছে।