মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও দেশের বিভিন্ন স্থানে এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে।
ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে আজও (শনিবার) আকাশ মেঘলা ও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১১ অক্টোবর) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের এক-দুই জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
আবহাওয়ার সারসংক্ষেপে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
প্রাপ্ত পূর্বাভাস অনুযায়ী—
শনিবার সন্ধ্যা থেকে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
রোববার সন্ধ্যা থেকে সোমবার (১৩ অক্টোবর) পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।
১৪ ও ১৫ অক্টোবরেও একই ধারা থাকতে পারে—চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি হলেও দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকবে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, “বর্তমানে মেঘের একটি ভারি সেল সক্রিয় আছে। এটি কেটে গেলেও আবার বৃষ্টি হতে পারে। আগামী তিন থেকে চার দিন এমন আবহাওয়া বজায় থাকতে পারে।”