অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, শনিবার (১১ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সিডনি থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়নের পরই বিধ্বস্ত হয়। বিমান ভূমিতে আঘাত করলে তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ নিশ্চিত করেছে, এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ওয়েবসাইটে প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে রানওয়ের ওপর পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে।

ঘটনাস্থলে অপরাধ তদন্তের জন্য ক্রাইম সিন গঠন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি জানানো হয়েছে।