স্কোয়াডে থেকেও গ্যালারিতে বসে রইলেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে শুক্রবার রাতের ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টারকে বিশ্রাম দিয়েছিলেন লিওনেল স্কালোনি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ১–০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ জানান, মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত তিনিই নিয়েছেন।
ইন্টার মায়ামির হয়ে গত ২৭ দিনে ৭টি ম্যাচ খেলেছেন মেসি। তাকে নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘মেসিকে না খেলানোর সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। আমরা লাউতারো ও জুলিয়ানকে একসঙ্গে ফরোয়ার্ড পজিশনে খেলিয়ে দেখতে চেয়েছিলাম। আমার মনে হয় পরের ম্যাচে ও খেলবে।’ আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ভেনেজুয়েলার বিপক্ষে একমাত্র গোলটি করেন জিওভান্নি লো সেলসো। তবে স্কালোনি স্বীকার করেছেন– তার শিষ্যরা দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ছন্দ হারিয়েছিল, ‘প্রথমার্ধে আমরা বেশ ভালো খেলেছি, বেশ কিছু সুযোগ তৈরি করেছি। আরও গোল করা সম্ভব ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম ২৫ মিনিট আমরা ভালো খেলিনি। পরে রক্ষণভাগে কিছু পরিবর্তন এনে সিস্টেম বদলে ফেলায় পারফর্মেন্সে উন্নতি হয়।’
মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস দারুণ ছন্দে ছিলেন। তার নিখুঁত পাসে বারবার বিপজ্জনক আক্রমণ করেছে আর্জেন্টিনা। তবে স্কালোনির দল বড় জয় থেকে বঞ্চিত হয় ভেনেজুয়েলার গোলরক্ষক হোসে দাভিদ কন্ত্রেরাসের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। অন্তত পাঁচটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি। শেষ মুহূর্তে লাউতারো মার্তিনেজের দুটি ক্লোজ রেঞ্জ শটও রুখে দেন।