ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও পর্যবেক্ষণের জন্য একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এতে ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে গাজা ভূখণ্ডের ভেতরে প্রবেশ করবে না এই সেনারা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ওয়াশিংটন প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, মিসর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণে এই টাস্কফোর্স গঠিত হয়েছে। সেনা মোতায়েনের সুনির্দিষ্ট স্থান এখনো চূড়ান্ত হয়নি। পরিকল্পনা অনুযায়ী একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে আমেরিকান সেনারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সংঘর্ষ এড়ানো যায়।
যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, গাজার ভেতরে কোনো আমেরিকান সেনা প্রবেশ করবে না। এই উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা কমানো ও ইসরায়েল-আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ প্রশস্ত করার আশা করছেন ওয়াশিংটন কর্মকর্তারা।
এর আগেও ইসরায়েল-আরব সম্পর্ক স্বাভাবিকীকরণে সক্রিয় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ‘আবরাহাম চুক্তি’র মাধ্যমে ইসরায়েল, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। নতুন এই উদ্যোগকেও সেই প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।