প্রধান বিচারপতির বাসভবনসহ কিছু এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

জনশৃঙ্খলা রক্ষায় আগামীকাল রবিবার (১২ অক্টোবর) থেকে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স ও আশপাশের এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, গণজমায়েত ও অবস্থান ধর্মঘটসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হলো।

এতে আরো বলা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকায় সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হলো।

এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।