বাংলাদেশের যে রেকর্ড ভেঙে গেলো গিল-জয়সোয়ালদের ব্যাটে

দিল্লি টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে ইতিহাস গড়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৫১৮ রান ৫ উইকেটে — টেস্ট ইতিহাসে কোনো ‘বাই’ বা ‘লেগ বাই’ ছাড়াই এটিই এখন সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের দখলে। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১৩ রানে ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা।

দিল্লি টেস্টে ভারতের ইনিংসে ‘এক্সট্রা’ রান এসেছে মাত্র দুটি — দুটোই ওয়াইড। টেস্ট ইতিহাসে ৫০০ বা তার বেশি স্কোরের ইনিংসে এটি দ্বিতীয় সর্বনিম্ন অতিরিক্ত রান। ১৯৫০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৫৪৯/৭ ইনিংসে ছিল মাত্র একটি অতিরিক্ত রান (বাই)।

ভারতের এই রেকর্ড গড়া ইনিংসের কেন্দ্রে ছিলেন দুই তরুণ তারকা শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। দুজনই যেন রেকর্ড বই নতুন করে লিখছেন।

অধিনায়ক গিলের রেকর্ডের বছর

২০২৫ সালে শুভমন গিল টেস্টে করেছেন ৫টি সেঞ্চুরি—যেকোনো ক্রিকেটারের জন্য নিজের দেশের অধিনায়ক হিসেবে প্রথম বছরে সবচেয়ে বেশি। পাশাপাশি ভারতের অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডে তিনি এখন সমান বিরাট কোহলির সঙ্গে (২০১৭ ও ২০১৮ সালে ৫টি করে)।

মাত্র ১২ ইনিংসে অধিনায়ক হিসেবে পাঁচ সেঞ্চুরি করেছেন গিল। এর চেয়ে দ্রুত এই কৃতিত্ব দেখিয়েছেন কেবল দুইজন—আলাস্টেয়ার কুক (৯ ইনিংস) ও সুনীল গাভাস্কার (১০ ইনিংস)। ম্যাচের হিসাবে গিল সাত টেস্টে এই মাইলফলকে পৌঁছেছেন, যা কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সমান। কুক (৫) ও গাভাস্কার (৬) ম্যাচে করেছিলেন এই কীর্তি।

অধিনায়ক হিসেবে গিলের গড় ৮৪.৮১—যারা অন্তত সাতবার টেস্টে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এগিয়ে কেবল ব্র্যাডম্যান (গড় ১০১.৫১)। দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টটি গিলের সপ্তম ম্যাচ অধিনায়ক হিসেবে।

২৪-এর আগেই জয়সওয়ালের জ্বলজ্বলে পরিসংখ্যান

যশস্বী জয়সওয়ালের টেস্টে এখন ১৫০ বা তার বেশি ইনিংস ৫টি—২৪ বছর পূর্ণ হওয়ার আগে এত বেশি ১৫০-প্লাস ইনিংস আছে কেবল ব্র্যাডম্যানের (৮)।

২৬ ম্যাচে ৭টি টেস্ট সেঞ্চুরি করেছেন জয়সওয়াল—২৪ বছরের আগে ওপেনার হিসেবে এটি যৌথভাবে সর্বোচ্চ, গ্রায়েম স্মিথের সঙ্গে। আর সামগ্রিকভাবে ২৪ বছর পূর্ণ হওয়ার আগে টেস্টে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু তিন কিংবদন্তির—ডন ব্র্যাডম্যান (১২), শচীন টেন্ডুলকার (১১) ও গ্যারি সোবার্স (৯)।

জয়সওয়ালের আগে মাত্র দুইজন ব্যাটার তাঁদের প্রথম সাত সেঞ্চুরির মধ্যে পাঁচটি ১৫০ বা তার বেশি রানে রূপ দিতে পেরেছিলেন—বব সিম্পসন ও ব্রায়ান লারা।

ভারতের ইনিংসে আরেক নজির

এই ইনিংসে ভারতের প্রথম পাঁচ উইকেটেই এসেছে ৫০ বা তার বেশি জুটি—এটি টেস্ট ইতিহাসে ভারতের মাত্র তৃতীয় ঘটনা। এর আগের দুটি ছিল ১৯৯৩ সালে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২০২৩ সালে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজের পেসাররা ভারতের প্রথম ইনিংসে বল করেছেন ৩১৮টি—একটি উইকেটও না পেয়ে। টেস্ট ইতিহাসে এর আগে মাত্র দুইবার ওয়েস্ট ইন্ডিজের পেসাররা ৩০০-র বেশি বল করে উইকেটশূন্য ছিলেন—১৯৭২ সালে জর্জটাউনে নিউজিল্যান্ডের বিপক্ষে (৫৪০ বল, যেখানে গ্যারি সোবার্স করেছিলেন ৪২ ওভার) এবং ২০১৬ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে (৪৩২ বল)।

সব মিলিয়ে, দিল্লি টেস্ট শুধু ভারতের নয়—বিশ্ব টেস্ট ইতিহাসের পাতায়ও জায়গা করে নিয়েছে। আর সেই রেকর্ডের ভাঙনে বাংলাদেশের ২০১৮ সালের কীর্তি এখন ইতিহাস।