ভোলায় ফের জমে উঠেছে মাদকের হাট। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের পরও কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ইয়াবার মতো ভয়ংকর মাদকদ্রব্য। ইয়াবা, গাজাসহ নানা মাদকদ্রব্য এখন ভোলার শহর থেকে গ্রামের অলি গলিতে সয়লাব। প্রশাসনের নাকের ডগায় জেলা সদরের উকিলপাড়া, কালীবাড়ি রোড, চরনোয়াবাদ, আলীনগর, বাপ্তা ও ইলিশা এলাকা এখন মাদকের হট স্পট।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার তথ্য অনুযায়ী গত ১ মাসে মাদক দমনে ৬৬০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আটক করা হয় ২৯ জন মাদক ব্যাবসায়ীকে। উদ্ধার করা হয় ৪৪০টি ইয়াবা ও প্রায় ৩ কেজি গাজা ও একটি গাজা গাছ। এছাড়াও নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলমান রয়েছে। প্রশাসনের এমন তৎপরতার মধ্যেও কিছুতেই যেন বন্ধ হচ্ছে না মাদক বাণিজ্য। মাদকের মরণ নেশায় ঝুঁকে পড়ছেন উঠতি বয়সের যুবকদের একাংশ। মাদকের অর্থ যোগান দিতে জড়িয়ে পড়ছে অপরাধ জগতে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই মাদক সেবনকারীদের চিহ্নিত করতে ডোপ টেস্টের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সেবনকারীদের আটক করা সম্ভব হবে। তবে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগে ইয়াবা সেবন সনাক্তকারী কিট না থাকায় পুলিশের এ উদ্যোগ সফলতা পাচ্ছে না।
এদিকে মাদক নিমূলের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজ শেষে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে ভোলা-লক্ষীপুর সড়কে মাদক সেবন ও বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন এলঅকাবাসী। এসময় মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের প্রতিবাদে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, অতীতে অনেকবার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। বেশির ভাগ সময়ই গ্রেপ্তার হচ্ছেন কেবল বহনকারী এবং খুচরা ব্যবসায়ীরা। আবার মামলার এজাহারে দুর্বলতা ও সাক্ষীর অভাবে মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছেন অল্প সময়ের মধ্যেই। কিন্তু অতীতের মতই মাদকের গড ফাদাররা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছেন।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক দেশ রূপান্তরকে বলেন, ইতিমধ্যেই আমরা ইয়াবা সেবন সনাক্তকারী কিটের জন্য স্ব্যাস্থ্য বিভাগে চিঠি দিয়েছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায়ও এ বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ইয়াবা সেবন সনাক্তকারী কিট না থাকায় আমরা সেবনকারীদের চিহ্নিত করতে পারছি না। তবে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূল করতে জেলা পুলিশের ১১টি টিম কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।