প্রকৃত জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারি রেভিনিউ পাক: উপদেষ্টা ফারুক ই আজম

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে অন্তবর্তী সরকারের মুক্তিযোদ্ধা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক বলেছেন, প্রকৃত জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারি রেভিনিউ পাক। সরকারি সুবিধা একবার দিয়ে তার কাছ থেকে নিতে হলে বহুমুখী ব্যাপার আছে।

শনিবার বরগুনার আমতলী উপজেলার চিলা হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী আশ্রয়ণকেন্দ্রের প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা ফারুক ই আজম।

আমতলীতে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র (প্রস্তাবিত) স্থান পরিদর্শন করেছেন ফারুক ই আজম। এসময় তার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক রেজওয়ানুর রহমান, বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, আমতলী উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উপদেষ্টাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা দুপুর ১২টায় আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চিলা হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, পূর্ব কচুপাত্রা ছলেহিয়া দাখিল মাদ্রাসা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় কাম বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের প্রস্তাবিত স্থান গুলো পরিদর্শন করেন।