বোলারদের সাফল্যকে পায়ে ঠেললো ব্যাটাররা, ওয়ানডে সিরিজ হার

বোলারদের দারুণ সাফল্য আফগানিস্তানকে ১৯১ রানে আটকে দিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটসম্যানরা পায়ে ঠেললো সবকিছু। সিরিজে ফেরার ম্যাচে মাত্র ১০৯ রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হারলো। সিরিজও হারলো। এ নিয়ে টানা চার সিরিজ হারে বাংলাদেশের জন্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ কঠিন হয়ে গেলো।

রান তাড়ায় শূন্য রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ৯৯/৫। কিন্তু ৯৯ রানে দাঁড়িয়েই ৩ উইকেট হারায় বাংলাদেশ। ১০০ রানে যায় নবম উইকেট। এরপর ১০৯ রানে অলআউট।বাংলাদেশের মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। সর্বোচ্চ ২৪ রান করেছেন তাওহিদ হৃদয়।

টি-টোয়েন্টি ম্যাচের কিছু বেশি সময়, অর্থাৎ ২৮ ওভার ৩ বলে ১০৯ রানেই অলআউট বাংলাদেশ। ম্যাচের তখনো ১২৯টি বৈধ ডেলিভারি বাকি।

‎অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, "আজ খুব খারাপ ব্যাটিং করেছি। আমি ছেলেদের বলেছিলাম, উপরের দিকে পার্টনারশিপ গড়া দরকার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা পার্টনারশিপ শুরু করি, কিন্তু দায়িত্ব নিতে পারি না — এখানেই সমস্যা। আমাদের ব্যাটাররা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।এই মুহূর্তে আমরা খুব হতাশ, তবে এখনো একটি ম্যাচ বাকি আছে। এরপর আরেকটি সিরিজ আছে, আমাদের ভাবতে হবে কীভাবে আরও শক্তভাবে ফিরে আসা যায়। আমাদের ব্যাটিংয়ে উন্নতি আনতে হবে; যদি ওয়ানডেতে রান না করি, তাহলে টিকে থাকা কঠিন।"

১০৯ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন। আগের রেকর্ড ১১৯, ২০১৮ এশিয়া কাপে আবুধাবিতেই।

রশিদ খান ৮.৩ ওভারে ১৭ দিয়ে ৫ উইকেট নিয়েছেন।

সিরিজের পরের ম্যাচ ১৪ অক্টোবর।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৪.৫ ওভারে ১৯০ (গুরবাজ ১১, ইব্রাহিম ৯৫, আটাল ৮, রেহমাত ৯ আহত অবসর, শাহিদি ৪, ওমারজাই ০, নাবি ২২, খারোটে ১৩, রাশিদ ১, গাজানফার ২২, বাশির ০*; তানজিম ৭-০-৩৫-২, মুস্তাফিজ ৮-০-৩৮-০, মিরাজ ১০-১-৪২-৩, তানভির ১০-০-৩৫-১, রিশাদ ৯.৫-০-৩৭-২)।

বাংলাদেশ: ২৮.৩ ওভারে ১০৯ (তানজিদ ০, সাইফ ২২, শান্ত ৭, হৃদয় ২৪, মিরাজ ৪, জাকের ১৮, সোহান ১৫, তানজিম ০, রিশাদ ৫, তানভির ০, মুস্তাফিজ ৫*; ওমারজাই ৭-১-২৭-৩, বাশির ২-০-২২-০, গাজানফার ৪-০-২১-০, রশিদ ৮.৩-২-১৭-৫, খারোটে ৭-১-২২-১)

ফল: আফগানিস্তান ৮১ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে আফগানিস্তান ২-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: ইব্রাহিম জাদরান।