বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘বিএনপির শিক্ষা ও গবেষণা নিয়ে আলাদা চিন্তা-ভাবনা আছে। আমরা আমাদের ৩১ দফার ২৫ নম্বরে খুব পরিষ্কারভাবে শিক্ষা ব্যবস্থার কথা বলেছি। আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।’
গতকাল শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)।
শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ‘ছোট থাকতে আমরা প্রাইমারি স্কুলে শিখেছিলাম, ‘শিক্ষাই জাতির মেরুদ-’। এখন আমাদের মনে হচ্ছে যে জাতির মেরুদণ্ড নাই অথবা ভেঙে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রথম গলদ হচ্ছে, আমরা আমাদের ছেলে-মেয়েরা যেটা পছন্দ করে সেটাতে আমরা তাদের পড়তে দেই না। দ্বিতীয়ত, আমাদের সিস্টেমে শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে।’
সংগঠনটি তিন দিনব্যাপী একটি অ্যাস্ট্রোক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পের শেষ দিনে এ আলোচনা সভা আয়োজিত হয়েছে। এ বছরের ক্যাম্পে রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১১ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।