ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ভোর রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকলেও সকাল সোয়া ৭টা থেকে ধীরে ধীরে চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা সেক্টর ডিজিএম আব্দুস সালাম।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে নদীপথে দিকনির্দেশনা দেখা সম্ভব হচ্ছিল না। নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ায় সকাল ৭টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। রাত থেকে বন্ধ থাকা ফেরিগুলোর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর ঘাটে ফেরি হাসনাহেনা, খান জাহান আলী, বরকত ও কুমিল্লা লোড অবস্থায় নোঙর করে ছিল। অপরদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর ঘাটে ফেরি শাহ মখদুম, শাহ পরান ও বাইগার অপেক্ষমাণ ছিল।
এছাড়া নদীর মাঝপথে ফেরি মতিউর রহমান ও এনায়েতপুরী কুয়াশায় আটকে পড়েছিল। ঘন কুয়াশায় দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি দেখা দেয়। তবে সকাল থেকে চলাচল স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে ঘাটের চাপ কমে আসছে।