খিলগাঁওয়ে যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় নাফিস আজিজ সিদ্দিক (৩৩) নামে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে নন্দিপাড়া তিতাস রোডে এই ঘটনা ঘটে।

নাফিসের বাবা আবু বক্কর সিদ্দিক জানান, তাদের বাসা খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। শনিবার বাসাবো এলাকায় তার এক সহকর্মীর বাবা মারা যান। তিনি রাতে সেখান গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার সময় খিলগাঁও তিতাস রোডে ৩ ছিনতাইকারী নাফিসের মোটরসাইকেলের গতিরোধ করে।

তিনি জানান, ছিনতাইকারীরা নাফিসের মোটরসাইকেল নিয়ে নেয়। এরপর তার মোবাইল ফোন ছিনিয়ে নিতে গেলে বাধা দেন নাফিস। তখন তার বাম পায়ের রানে এক রাউন্ড গুলি করে তারা। পরে তার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন নিয়ে চলে যায়।

পরে নাফিসের চিৎকারে পাশের নিরাপত্তাকর্মীরা তাকে ফরায়েজী হাসপাতালে নিয়ে যায়।  খবর পেয়ে সেখান থেকে নাফিসকে আজ রবিবার (১২ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তার বাম পায়ের রানে গুলিবিদ্ধ ছিল। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে গুলি বের করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছে।