পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে একমাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কলসকাঠি ইউনিয়নের নারাঙ্গল গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩২) এবং একই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬টার দিকে উপজেলার পাতাবুনিয়া-পাণ্ডব নদীর মোহনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জালে মা-ইলিশ শিকার করছিলো তারা। এ সময় মৎস্য বিভাগের অভিযান টিম তাদের হাতে–নাতে আটক করে। অভিযানকালে জেলেদ্বয়ের ব্যবহৃত একটি নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত নৌকা ভেঙ্গে ও জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।