নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা মো. মিরাজ খানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিটি-আর অ্যান্ড ডি বিভাগের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া মিরাজ খান পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের নেতা এবং আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সংস্থাটি আরও জানায়, গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের ইনকিলাব ভবনের সামনের সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে মো. মিরাজ খান অংশ নেন এবং ভিডিও ধারণ করে তা নিজের ফেসবুক আইডিতে রিল আকারে প্রচার করেন।
পরবর্তী সময়ে, ২৪ সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় ঢাকা মহানগরে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ব্যাপক জনসমাগম ঘটিয়ে মিছিল আয়োজনের চেষ্টা করেন তিনি। এরপর গত ১০ অক্টোবর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরেকটি মিছিলে অংশ নেন মিরাজ খান এবং তার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
সিটিটিসি কর্মকর্তাদের ভাষ্য, নিষিদ্ধ সংগঠনটির বিভিন্ন মিছিলে লোক সমাবেশ ঘটানোয় সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন মিরাজ। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।