ইশরাকের বাগদত্তা নুসরাত

সবার সঙ্গে আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিক আয়োজনে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরান তিনি। নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও টাঙ্গাইলের সাবেক সাংসদ নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

বাগদান সম্পন্ন হলেও বিয়ে হবে আগামী বছর। কনে নুসরাত খান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে এক পোস্টে নুসরাত লিখেছেন, ‘সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞ। গতকাল শনিবার বারিধারার বাসভবনে এক পারিবারিক অনুষ্ঠানে ইশরাক হোসেনের সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়েছে। আপনাদের সকলের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আগামী বছর উপযুক্ত সময়ে বিয়ের পরিকল্পনা রয়েছে। সবার দোয়া কামনা করছি।’

ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি স্কলাস্টিকা স্কুল থেকে 'ও' ও 'এ' লেভেল পাস করে যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে পড়ালেখা শেষ করে তিনি যুক্তরাজ্যে কিছুদিন কাজ করেন। বর্তমানে তিনি বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক।

তার বাবা সাদেক হোসেন খোকা বিএনপির রাজনীতিক ও ঢাকার সাবেক মেয়র ছিলেন। ইশরাক হোসেনও পিতার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত আছেন।