গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে সারাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় এক লাখ পঁচিশ হাজার।
জানা গেছে, দলের সর্বোচ্চ পদ ‘আমির’ নির্বাচনের জন্য এই ভোটগ্রহণ চলছে। দলের বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, তিন বছর পরপর এই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জামায়াত সূত্রে জানা যায়, সারাদেশে জামায়াতের প্রায় এক লাখ পঁচিশ হাজার রুকন বা সদস্য ভোট দিতে পারবেন। গত শুক্রবার থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
কেন্দ্রীয় মজলিস নির্বাচনের আগে তিনজন সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করেছে। এই প্যানেলে রয়েছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
দলীয় নিয়ম অনুযায়ী, সাধারণত এই তিনজনের মধ্যে একজনই নির্বাচিত হন। তবে রুকনরা চাইলে বাইরের কাউকেও ভোট দিতে পারবেন।
জামায়াতের কর্মীরা জানান, ডা. শফিকুর রহমান মাঠপর্যায়ে সক্রিয়তা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং মানবিক দৃষ্টিভঙ্গির কারণে দলে জনপ্রিয়। তবে দলের অভ্যন্তরে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের প্রতিও সমর্থন রয়েছে।
ভোট প্রক্রিয়া নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিটি জেলায় মনোনীত প্রিসাইডিং কর্মকর্তারা ভোট সংগ্রহ করবেন। নির্বাচনের গণনা ও আনুষঙ্গিক কাজ শেষে নতুন আমিরের নাম ঘোষণা করা হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, নতুন আমির ২০২৬-২৮ মেয়াদের জন্য নির্বাচিত হবেন এবং নভেম্বর মাসেই শপথ নেবেন।