গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম ২৫ বছরের জন্য লিজ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে জেলার বিভিন্ন ক্লাব, খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১টার দিকে গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন স্টেডিয়াম গেটে জেলার কয়েকশ খেলোয়াড়, ছেলে-মেয়ে, অভিভাবক, কোচ ও বিভিন্ন ক্রীড়া সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিরা মিলিত হয়ে মানববন্ধন শুরু করে। প্রায় এক ঘণ্টা তারা মানববন্ধন করে দুপুর ২টার দিকে একটি বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম, মহানগর ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন তালুকদার, জেলা ক্রিকেট বোর্ড কোচ আনোয়ার হোসেন জাহিদ লিটন, কারাত এসোসিয়েশন গাজীপুরের সভাপতি মার্শাল শাহাজাদা, প্রভাতী স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি শাহ সামসুল হক রিপন, জয়দেবপুর ক্রিকেট ক্লাবের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল, টঙ্গী ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন সোহেল প্রমুখ।
পরে প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসক নাফিসা আরেফিনের হাতে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রভাতী স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি শাহ সামসুল হক রিপন বলেন, শহীদ বরকত স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তর করার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফুটবল ফেডারেশনকে খসড়া চুক্তিপত্র দাখিলের জন্য বলেছে, যা ঐতিহ্যবাহী গাজীপুর জেলার লক্ষ লক্ষ ক্রীড়ামোদীর মনে মারাত্মক আঘাত হেনেছে। গাজীপুর জেলার ক্রীড়াঙ্গনের সুতিকাগার ও প্রাণকেন্দ্র হচ্ছে এই শহীদ বরকত স্টেডিয়াম।