দারুণ এক কীর্তি গড়লেন বাবর আজম। এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টেই এই নজির গড়েন পাকিস্তান অধিনায়ক।
বাবরের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। ইনসাইড এজে থার্ডম্যন বাউন্ডারি বল বাউন্ডারিতে পৌঁছাতেই পূর্ণ হলো সেই স্বপ্ন—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের ক্লাবে নাম লেখালেন বাবর আজম। এ নিয়ে সব দল মিলিয়ে সপ্তম ব্যাটার এই কীর্তি ছুঁলেন, তবে এশিয়া থেকে বাবর আজমই প্রথম। ভারতের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা যথাক্রমে ২,৬১৭ এবং ২,৭১৬ রান নিয়ে থেমেছিলেন। তবে তাদের তুলনায় এগিয়ে আছেন ভারতের বর্তমান অধিনায়ক শুবমান গিল- যিনি ২৮১৬ রান করেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপে।
২০১৯ সালে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রেই দুর্দান্ত ছিলেন বাবর আজম। সে বছর ৬১৬ রান করেছিলেন ৬৮.৪৪ গড়ে। পরের দুই বছর, ২০২০ এবং ২০২২ সালে তাঁর ব্যাটিং গড় ছিল যথাক্রমে ৬৭.৬০ ও ৬৯.৬৫—যা তাঁকে বিশ্বের সেরা ব্যাটারদের কাতারে স্থান দিয়েছিল।
তবে ২০২৩ সাল থেকে বাবরের ফর্মে পড়েছে ধস। ওই সময় থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের আগ পর্যন্ত তাঁর গড় নেমে আসে মাত্র ২৩.৬০-এ, রান ছিল মাত্র ৫৯০। যদিও এ বছর কিছুটা উন্নতির ইঙ্গিত দিয়েছেন তিনি—এ পর্যন্ত তাঁর গড় ৩০.৬৭।
আজও বাবর ইনিংসটি দীর্ঘ করতে পারেননি। ৪৮ বল খেলে ২৩ রান করেই আউট হয়ে গেছেন। ৬০ টেস্টে তার সংগ্রহ ৪২৫৮ রান। ২০২২-এর পর বাবর আজম টেস্টে সেঞ্চুরি করতে পারেননি।
টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচে বেশি রানজো রুট ৬৯ টেস্টে ৬০৮০, স্টিভ স্মিথ ৫৫ টেস্টে ৪২৭৮, মারনাস লাবুশেন ৫৩ টেস্টে ৪২২৫, বেন স্টোকস ৫৭ টেস্টে ৩৬১৬, ট্রাভিস হেড ৫২ টেস্টে ৩৩০০, উসমান খাজা ৪৩ টেস্টে ৩২৮৮, জ্যাক ক্রলি ৫২ টেস্টে ৩০৪১, বাবর আজম ৩৭ টেস্টে ৩০২১