৫ দাবিতে ৭ দলের স্মারকলিপি

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে দলগুলোর কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্মারকলিপি জমা দেয়। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, খেলাফত মজলিস, জাগপা ও নেজামে ইসলাম পার্টিসহ বাকি ছয়টি দল আলাদাভাবে তাদের প্রতিনিধিদের মাধ্যমে স্মারকলিপি জমা দেয়।

এই সময় জামায়াতে ইসলামীর নেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, কোনো একটি দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করলে নির্বাচন কমিশনকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের রাজনৈতিক পরিচয় দেশবাসী জানেন। সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে তার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতে ও সমমনা রাজনৈতিক দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-

১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের উপর গণভোট আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।