ইবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আটক  

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ধরে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১২ অক্টোবর ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়েরে ক্যাম্পস থেকে তাকে আটক করা হয়।

আটক হুসাইন তুষার ইবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রবিবার তুষার ক্যাম্পাসে এসেছিলেন মাস্টার্সের ক্লাস করতে। এসময় তাকে শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করে। পরবর্তীতে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি ধামকি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির লিস্টে অনেকেরই নাম আসেনি। সাধারণ সম্পাদকের নামে শোকজ নোটিশ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কাছে তাকে হস্তান্তর করছে। মামলা দায়ের করার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, শিক্ষার্থীরা তাকে ধরে আমাদের কাছে নিয়ে এসেছে। আমরা তাকে প্রাথমিকভাবে ইবি থানায় সোপর্দ করেছি। প্রশাসন নিয়মানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।