জমি নিয়ে বিরোধ: সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবিবার সকালে দুই দল গ্রামবাসীর মধ্যে হওয়া সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টা ব্যাপী হওয়া এ সংঘর্ষ পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ফরহাদ হোসেন ও সুমন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

এ ব্যাপারে ফরহাদ হোসেন ও সুমন মিয়াকে একাধিকবার কল দিলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম জানান, জমি নিয়ে পূর্ব বিরোধ কেন্দ্র করেই এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।