নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে বিকাশ দাস (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিকাশ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাও গ্রামের বারীন্দ্র দাসের পুত্র। তিনি স্বপরিবারে রামারবাগ এলাকার সোলায়মানের বাসায় ভাড়ায় বসবাস করতেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা সাড়ে ১১ দিকে নিহত বিকাশের মামাতো বোন ও তার স্বামী ঝগড়া লাগে। যা এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। একই বাড়ীতে পাশাপাশি ভাড়া থাকার সুবাদে ঝগড়ার বিষয়টি শুনতে পেয়ে বিকাশ বোনের রুমে ছুটে যান। সেখানে গিয়ে সে ঝগড়া থামানোর চেষ্টা করে। ঝগড়া থামাতে গিয়ে বিকাশ জানালার সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পরে অচেতন হয়ে যায়। পরে তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রয়েছে। ঘটনাটি বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।