পেলের চেয়েও দ্রুততম হালান্ড, ৫০ গোল করতে মেসি-রোনালদোর কতো ম্যাচ লেগেছিল

আরলিং হলান্ড যেন থামতেই জানেন না। নরওয়ের হয়ে একের পর এক গোল করে ভেঙে চলেছেন রেকর্ড। এবার ছাড়িয়ে গেলেন কিংবদন্তি পেলে’কেও। শনিবার রাতে ইসরায়েলের বিপক্ষে ৫–০ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে ৫০ গোল পূর্ণ করেছেন এই ম্যানচেস্টার সিটি তারকা—মাত্র ৪৬ ম্যাচেই!

পেলের এই মাইলফলকে পৌঁছাতে লেগেছিল ৪৯ ম্যাচ। অর্থাৎ তিন ম্যাচ আগেই ৫০ গোলের ক্লাবে ঢুকে পড়লেন হলান্ড। ইতিহাসে মাত্র ষষ্ঠ ফুটবলার হিসেবে ৫০ আন্তর্জাতিক গোল করতে ৫০ ম্যাচের কম সময় নিয়েছেন তিনি। ৫৩ বছর পর এমন কীর্তি দেখা গেল আন্তর্জাতিক ফুটবলে।

শুধু জাতীয় দল নয়, ক্লাব পর্যায়েও আগুনে ফর্মে আছেন হলান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে ৯ ম্যাচে করেছেন ১২ গোল। নিজেও স্বীকার করেছেন, “আমি এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো বোধ করছি।”

তুলনায় বোঝা যায়, তিনি কতটা এগিয়ে আছেন। এই একই মাইলফলকে পৌঁছাতে ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছে ১১৪ ম্যাচ, লিওনেল মেসির ১০৭ ম্যাচ, হ্যারি কেইনের ৭১ ম্যাচ এবং নেইমারের ৭৪ ম্যাচ। এমনকি কিলিয়ান এমবাপ্পে ও রবার্ট লেভানডফস্কিও ৯০ ম্যাচের আগে পারেননি ৫০ গোল ছুঁতে।

নরওয়ে দলের সহকারী কোচ কেন্ট বার্গারসেন তাই বিস্মিত হয়ে বলেন, “তাকে বর্ণনা করার মতো কোনো শব্দই নেই। সে প্রতিটি সম্ভাব্য উপায়ে গোল করতে পারে।”

সহ-খেলোয়াড় আলেকজান্ডার সরলোথ বলেন,“তুমি ভাববে, সবকিছুই ওর কাছ থেকে দেখে ফেলেছ, কিন্তু ও প্রতিনিয়ত আরও ভালো হচ্ছে। ও যা করছে, তার পরিসংখ্যান অবিশ্বাস্য।”

তবে আরও বড় সংখ্যা হতে পারত। প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করেন হলান্ড, পুনরায় নেওয়ার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। কোচ স্টালে সোলবাকেন পরে মজার ছলে বললেন, “আমি আবিষ্কার করলাম, সে আসলে আমাদেরই গ্রহের মানুষ!”

৫০ আন্তর্জাতিক গোলের দ্রুততম খেলোয়াড়রা

খেলোয়াড় দেশ ম্যাচ সংখ্যা
পাউল নিলসেন ডেনমার্ক ৩৬
গার্ড মুলার পশ্চিম জার্মানি ৪১
ফেরেঙ্ক পুসকাস হাঙ্গেরি ৪১
সান্দর কচিস হাঙ্গেরি ৪২
আরলিং হলান্ড নরওয়ে ৪৬
পেলে ব্রাজিল ৪৯

৫০ গোল করতে ম্যাচ লেগেছে (নির্বাচিত তারকা খেলোয়াড়দের)

খেলোয়াড় দেশ ম্যাচ সংখ্যা
আরলিং হলান্ড নরওয়ে ৪৬
হ্যারি কেইন ইংল্যান্ড ৭১
নেইমার ব্রাজিল ৭৪
কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ৯০
রবার্ট লেভানডফস্কি পোল্যান্ড ৯০
লিওনেল মেসি আর্জেন্টিনা ১০৭
ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ১১৪