কাতার-সৌদির অনুরোধে আপাতত বিমান হামলা বন্ধ: তালেবান মুখপাত্র

কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত বিমান হামলা বন্ধ রেখেছে আফগানিস্তান। রবিবার তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ ভারতীয় সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তালেবান মুখপাত্র বলেন, ডুরান্ড লাইনের কাছে বেহরামপুর জেলায় পাল্টা হামলায় তারা অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং আরও ৩০ জনের বেশি আহত হয়েছে।

অপরদিকে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে তারা আফগানিস্তানের সঙ্গে জড়িত ২০০ এর বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে।

জবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানকে সতর্ক করে বলেন, প্রতিটা হামলারই জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, পাকিস্তান তাদের ভূখণ্ডে আইএস (আইএসআইএস) সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।

বৃহস্পতি‌বার আফগানিস্তানে মোট তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে— কাবুলে দুটি এবং দক্ষিণ-পূর্ব পাক্তিকায় একটি। কাবুল ও ইসলামাবাদ একে অপরের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

তবে পাকিস্তান দাবী করছে আফগানিস্তানের ভূখণ্ডে হামলার পেছনে তাদের কোনো দায় নেই। বরং কাবুলকে অনুরোধ করেছে তারা যেন নিজের ভূখণ্ডে পাকিস্তানি তালেবানকে আশ্রয় দেওয়া বন্ধ করে।

পাকিস্তানের বিরুদ্ধে হেলমান্ড, কন্দাহার, জাবুল, পাক্তিকা, পাক্তিয়া, খোস্ত, নাঙ্গারহার ও কুনার প্রদেশগুলোর পোস্টগুলোকে লক্ষ্য করে আঘাত করেছে আফগানিস্তান। উল্লিখিত সব প্রদেশই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তরেখার ধারেকাছেই অবস্থিত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিমান হামলার নিন্দা জানিয়ে বলেন, দেশটির সেনাবাহিনী শুধু আফগানিস্তানের উস্কানির জবাবই দেয়নি, বরং তাদের কয়েকটি পোস্ট ধ্বংস করেছে। একইসঙ্গে তাদের সরে যেতে বাধ্য করেছে।

তিনি বলেন, পাকিস্তানের প্রতিরক্ষায় কোনো আপস হবে না। প্রতিটি উস্কানিকে শক্তিশালী ও কার্যকর প্রতিক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হবে।