অধ্যাদেশ জারির দাবিতে

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার পর থেকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে জমায়েত হন। পরে অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও দলে দলে এসে এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’- এমন বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা যেন সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারেন, সেজন্য পুলিশ সংশ্লিষ্ট সড়কে ব্যারিকেড বসিয়েছে। এতে করে শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা জানান, সরকারি সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হলেও এখনো কোনো অধ্যাদেশ জারি হয়নি। তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর অধ্যাদেশ আজই জারির দাবি জানান। তাদের হুঁশিয়ারি, দাবি না মানলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

গত ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

এই কলেজগুলো হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

এদিকে শিক্ষার্থীদের অবস্থান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। শিক্ষা ভবন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।