ইসরায়েল পৌঁছেছেন ট্রাম্প, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা হার্জোগ ও নেতানিয়াহুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৩ অক্টোবর) তেল আবিবে পৌঁছেছেন। ইসরায়েল সরকারের প্রেস অফিস জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগ, ফার্স্ট লেডি মিখাল হার্জোগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু।

হোয়াইট হাউসের তথ্যমতে, ইসরায়েল সফরে ট্রাম্প নেসেটে ভাষণ দেবেন এবং হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের পরিবারের সঙ্গে দেখা করবেন। এ সফরের পরদিন তিনি মিশরের উদ্দেশে রওনা হবেন, যেখানে অনুষ্ঠিত হবে গাজা শান্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

সম্মেলনে প্রায় ২০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দেবেন। তাঁদের মধ্যে রয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। তবে ইসরায়েল ও হামাস—দুই পক্ষের কোনো প্রতিনিধিই এ সম্মেলনে অংশ নিচ্ছেন না।

এদিকে গাজায় আটক সাত ইসরায়েলি বন্দিকে রেড ক্রসের তত্ত্বাবধানে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। আরও বন্দি মুক্তির প্রক্রিয়া চলছে। প্রথম ধাপে মোট ৪৮ বন্দিকে ছাড়ার কথা রয়েছে, যাঁদের মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। এই মুক্তি ইসরায়েল ও হামাসের মধ্যে সদ্য সম্পাদিত প্রাথমিক শান্তি চুক্তির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।