ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের বিভিন্ন বর্ষের ৯৬ জন মেধাবী শিক্ষার্থীকে মোট ১৪ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক শারমিন জাহান চৌধুরীর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের খণ্ডকালীন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
৩টি ক্যাটাগরিতে মোট ৯৬ জন মেধাবী শিক্ষার্থী এই বৃত্তি লাভ করেন। প্রথম ক্যাটাগরিতে ১৯ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৪ হাজার টাকা করে, দ্বিতীয় ক্যাটাগরিতে ১৭ জন শিক্ষার্থীকে এককালীন ৭ হাজার টাকা করে এবং তৃতীয় ক্যাটাগরিতে ৩১ জন শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। এছাড়া, প্রত্যেক বর্ষের ফাইনাল পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ২৯ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীরা ১০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীরা ৭ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীরা ৫ হাজার টাকা করে বৃত্তি পান।
এবছর ৬ জন শিক্ষার্থী পেয়েছেন ‘ইতিহাস বিভাগ বৃত্তি’, ৬ জন ‘জেনারেল এম. এ. জি. ওসমানী বৃত্তি’, ৪ জন ‘ফজলুল করিম স্মারক বৃত্তি’, ৪ জন ‘নূরুল আবেদীন স্মারক বৃত্তি’, ৪ জন ‘প্রয়াত আলহাজ্ব নুরুন নেসা বেগম বৃত্তি’, ১ জন ‘১৯৮৩ ব্যাচ বৃত্তি’, ১ জন ‘১৯৮৪ ব্যাচ বৃত্তি’, ১ জন ‘১৯৮৫ ব্যাচ বৃত্তি’, ৭ জন ‘মির্জা বানু এন্ড সিরাজুল ইসলাম এন্ডাউমেন্ট ফান্ড বৃত্তি’, ১ জন ‘আব্দুল মোবারক বৃত্তি’, ১১ জন ‘হিস্ট্রি অ্যালামনাই এন্ডাউমেন্ট ফান্ড বৃত্তি’, ৭ জন ‘বিবেকানন্দ ইতিহাস ফান্ড বৃত্তি’, ১০ জন ‘কুদসিয়া চৌধুরী ওয়াকুফ বৃত্তি’, ৪ জন ‘গোলাম সাকলায়েন সাকী বৃত্তি’, ৩ জন ‘একে এম বজলুর রহমান-বেগম নুরজাহান বৃত্তি’ এবং ২৯ জন শিক্ষার্থী পেয়েছেন ‘অধ্যাপক সিরাজুল ইসলাম মেধাবৃত্তি’।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তিগুলো শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি এবং আগামীর সাফল্যের প্রেরণা হিসেবে কাজ করবে।