অদ্ভুত ছাগলের জন্ম, মানুষের চাপে ঘরছাড়া মালিক

গাজীপুরের শ্রীপুরে অদ্ভুত বিকলাঙ্গ ছাগল ছানার জন্মের খবরে বৃদ্ধার বাড়িতে এলাকাবাসী ভিড় করায় বিরক্ত হয়ে ঘর ছেড়েছেন তিনি। সোমবার (১৩ অক্টোবর) সকালে এ বিষয়ে জানাজানি হয়।

রবিবার (১২ অক্টোবর) উপজেলার আবদার গ্রামের ৬৫ বছরের নারী মোমেনা আক্তার বাড়িতে ওই ছাগল ছানার জন্ম হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার মোমেনা খাতুনের একটি ছাগল দুটি ছানার জন্ম দেয়। এর মধ্যে একটি ছানার মাথা তুলনামূলক গোলাকার ও মুখের গঠন কিছুটা চ্যাপ্টা ছিল। এ কারণে কয়েকজন সেটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরে দ্রুত গুজব ছড়িয়ে পড়ে, ছাগল ছানাটি নাকি মানুষের মতো দেখতে। এরপর সোমবার সকাল থেকেই শত শত মানুষ ওই বৃদ্ধার বাড়িতে ভিড় করতে থাকে। কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে তা ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করে। বিকেল নাগাদ মানুষের ভিড় এত বেড়ে যায় যে, বাড়ির লোকজনের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। পরে ছাগলের মালিক ওই নারী পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেন বলেন, গবাদিপশুর গর্ভে নানা কারণেই বিকলাঙ্গ বাচ্চার জন্ম হয়ে থাকে। এটা জিনগত কারণে হয়। যে কোনো পশুর গর্ভে বিকলাঙ্গ বাচ্চা হওয়া একদমই স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে ভিন্ন কোনো কথা ছড়ানো ঠিক হচ্ছে না।