সাংবাদিকের ওপর হামলায় সিএমপির ডিসি আমিরুলকে প্রত্যাহার ও বিচার দাবি

চট্টগ্রামে যমুনা টিভির রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমনের ওপর হামলার ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ মন্তব্য করে হামলায় জড়িত সিএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামকে প্রত্যাহার ও বিচারের দাবি জানানো হয়েছে। 

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশ প্রশাসন সাংবাদিকদের সঙ্গে বার বার যে বর্বর ঘৃণ্য আচরণ করে যাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। 

খুলশী থানায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর পুলিশের ডিসি আমিরুল ইসলামের হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। শুধু তাই নয়, এই পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পিজা’র সভাপতি ইমরান বিন ছবুরের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য হামিদ উদ্দিন’র সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, পিজা’র সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া, সাবেক আহবায়ক পার্থ প্রতীম নন্দী, যুগ্ম-সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীল, সদস্য পদ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম ইমন, পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাস গুপ্ত ও সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী, আরিফুল ইসলাম তামিম ও পিজার সদস্য হাসিবুল আলম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন পুলিশের ভাবমূর্তি একদম তলানিতে ছিল, মুখ দেখাতে পারছিল না, তখন তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের সংবাদকর্মীরা। আর এখন তারাই আমাদের এই সহযোদ্ধাদের ওপর হামলা করছে। অবিলম্বে এই পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলামকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া না হলে আন্দোলন চলমান থাকবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে সিইউজের সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, পিজা’র কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, সহ-সভাপতি মিশু পাল, অর্থ সম্পাদক সাখাওয়াত আলম রিমন, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।