একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে বাতিল বা মালিকানা পরিবর্তন করতে হবে। অন্যথায় অতিরিক্ত সিমগুলো দৈবচয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল সোমবার এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে বিটিআরসি।
বিটিআরসি বলছে, নিজের এনআইডির (জাতীয় পরিচয়পত্র) বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা তার মোবাইল ফোনে *১৬০০১# এনআইডি শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন। বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত প্রকৃত সিম ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৭৪৫।
এর মধ্যে ৬ থেকে ১০টি সিম রয়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ ব্যবহারকারীর কাছে। ২০১৭ সালে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যাবে বলে নির্দেশনা দেয় বিটিআরসি। এর আট বছর পর চলতি বছরের ১৯ মে কমিশন সভায় সিমের সংখ্যা ১০টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।