ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের সরকারি কলেজের শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতির প্রভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব সরকারি ও বেসরকারি কলেজের সব ধরণের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষক কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করে নিজ নিজ কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা কলেজে উপস্থিত থাকলেও কোনো ক্লাস বা প্রশাসনিক কাজ করছেন না।
সোমবার (১৩ অক্টোবর) রাতে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর কিছু দুষ্কৃতিকারীর হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় শিক্ষক সমাজ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব সদস্যকে এই কর্মসূচি সফল করতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এ প্রসঙ্গে সংগঠনের নেতারা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ও শ্রদ্ধার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। শিক্ষা ব্যবস্থা যাতে আরও অস্থির না হয়, সে জন্য সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, সোমবার সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের একটি পদযাত্রা চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক শিক্ষককে উদ্দেশ করে এক শিক্ষার্থী ‘দালাল’ মন্তব্য করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে শিক্ষকরা ওই শিক্ষার্থীকে কমনরুমে আটক রাখলে, তার সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে মুক্ত করে আনে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শিক্ষকরা আজকের এই কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।