‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধন এবং গতকাল সোমবার ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের প্রতিবাদে আজ মঙ্গলবার সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।
প্রায় এক ঘণ্টা ধরে এ অবরোধ চলার পর কলেজ অধ্যক্ষের অনুরোধে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তারা সড়ক অবরোধ তুলে নেন এবং ক্যাম্পাসে ফিরে যান। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং উপাধ্যক্ষ প্রফেসর পারভীন সুলতানা হায়দার সায়েন্সল্যাব মোড়ে এসে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসের দিকে চলে যান। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল আবারও শুরু হয়।
এর আগে সকালে শিক্ষার্থীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে সায়েন্সল্যাব মোড়ে জমায়েত হয়ে সংশোধনীর দাবিতে জোরালো স্লোগান দিতে থাকেন। তাদের এ অবরোধের কারণে এলাকাটিতে তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবি, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের বর্তমান ধারা বাস্তবায়িত হলে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শাখা বিলুপ্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তারা মনে করেন, এতে দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষী ঐতিহ্য বিনষ্ট হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকা কলেজে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের একটি পদযাত্রার প্রস্তুতি চলাকালে একদল শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ‘দালাল’ অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে নিয়ে কমনরুমে আটকে রাখেন। পরে অন্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাদের সহপাঠীকে মুক্ত করে আনেন। এ সময় উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরাও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন।