চলচ্চিত্রপ্রেমীরা কী চিত্রনায়িকা কাবেরীকে ভুলে গেছেন। যদিও ভুলে যাওয়াও অস্বাভাবিক কিছু না। কারণ ১৯৮৯ সালের পর তিনি আর সিনেমাতে অভিনয় করেননি। কাবেরী চলচ্চিত্রে আসেন দীলিপ সোম পরিচালিত ‘মনি মালা’ সিনেমার মধ্য দিয়ে। পরবর্তীতে মঞ্চে, টিভিতে এবং চলচ্চিত্রে ভীষণ ব্যস্ত হয়ে উঠেন। তবে সিনেমাতেই তিনি বেশি কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘বলাকা মন’,‘ সুখ দুঃখ’, ‘ অবাক পৃথিবী’ , ‘বাংলার চব্বিশ বছর’, ‘আমির ফকির’ ইত্যাদি। কাবেরীর ভাষ্যমতে, নায়িকা হিসেবেই তিনি বেশি সিনেমাতে অভিনয় করেছেন। সব মিলিয়ে শতাধিক সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তবে এই সময়ে এসে অনেক সিনেমার নামই তিনি মনে করতে পারছেন না।
কাবেরী বলেন,‘খুব ইচ্ছে করে সিনেমাতে অভিনয় করার। কিন্তু শুধু একটা ভয় কাজ করে। আগের মতো সেই শ্রদ্ধা সম্মান আর নেই এখন। আমরা যখন কাজ করতাম তখন শিল্পীদের প্রতি সবার যে কী ভীষণ শ্রদ্ধা ভালোবাসা ছিলো তা ভাষায় প্রকাশের নয়। ইউনিটের সবার শতভাগ খেয়াল থাকতো শিল্পীদের প্রতি। কিন্তু এখন যা শুনি তাতে আর ইচ্ছে করেনা। কিন্তু তারপরও মাঝে মাঝে মন মানে না, মনে হয় যে আরেকবার না হয় ফিল্মে কাজ করি। কারণ ফিল্ম থেকেইতো আমার আজকের কাবেরী হয়ে উঠা। তাই যেভাবেই থাকুক আমার চলচ্চিত্র আমার চলচ্চিত্র পরিবার ভালো থাকুক।’