র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ঢাকার সাভারে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এসময় তাদের হেফাজত থেকে র‌্যাবের ব্যবহৃত পোশাক, ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। এর আগে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শহিদুল ইসলাম (৪২), সুমন মিয়া (৬৫), সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস (৪৮), আফজাল হোসেন ওরফে উজ্জল (৪২),  মামুন আহম্মেদ মিন্টু (৫২), মেহেদী হাসান (২৭), শামীম আহম্মেদ সবুজ (৩২), শাহাদাত (৬০) এবং ফরহাদ হোসেন (৩৭)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের ভাঙা ব্রিজের আগে তুরাগ নদীর পাড়ে ময়লার স্তুপের সামনে থেকে দিনদুপুরে প্রায় ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করে কারখানা কর্তৃপক্ষ। পরে সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যাণ্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপকর্মের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা’সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।