কারা সরকার গঠন করবে, নির্ণায়ক হবে এনসিপি: সারজিস

আগামী সরকার গঠনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্ণায়কের ভূমিকায় থাকবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে তার দল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোণা জেলা এনসিপির এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কথা বলেন সারজিস আলম। 

এ সময় তিনি দলের নেতা-কর্মীদের প্রতি কঠোর বার্তা দেন। তার মতে, এনসিপির কোনো নেতা বা কর্মী অপকর্মের সঙ্গে যুক্ত হলে তাকে দলে রাখা হবে না।

সারজিস আলম বলেন, কিছু উপদেষ্টার কথায়-আচরণে মনে হচ্ছে, তারা যেনতেন নির্বাচন দিয়ে সেফ এক্সিট চাইছেন। এটা হতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া, বিচারের দৃশ্যমান অগ্রগতি-এই বিষয়গুলো যদি পিছিয়ে যায় তাহলে এটা নির্বাচনের ওপরও প্রভাব ফেলবে এবং নির্বাচন পিছিয়ে যেতে পারে।

এনসিপি নির্বাচন পেছানোর মানসিকতা ধারণ করে না জানিয়ে সারজিস আলম বলেন, তবে জনগণের সকল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচনককেন্দ্রিক চিন্তাভাবনা হয়, সেটার সাথে একমত হবে না এনসিপি।

সারজিস আলম আরও বলেন, গণঅভ্যুত্থানের পর কয়েকজন ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু পুরো কাঠামো এখনো টিকে আছে। আমাদের লড়াই সেই কাঠামোর বিরুদ্ধেই। ফ্যাসিস্টের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন ছাড় না পায়, তা নিশ্চিত করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মো. ফাহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দ।