গাজায় যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি গাজা পরিকল্পনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে বাইডেন লিখেছেন, ‘আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং স্বস্তিবোধ করছি যে এই দিনটি অবশেষে এসেছে— বেঁচে থাকা সর্বশেষ ২০ জিম্মির জন্য, যারা নারকীয় যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। অবশেষে তারা তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন।
সেই সাথে গাজার অসংখ্য বেসামরিকের জন্যও বাইডেন কৃতজ্ঞতা ও স্বস্তি জানিয়েছেন যারা নজিরবিহীন ক্ষতির শিকার হয়েছেন এবং নিজেদের জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন।
বাইডেন বলেন, এই চুক্তির পথে যাত্রা সহজ ছিল না। আমার প্রশাসন নিরলসভাবে কাজ করেছে জিম্মিদের ঘরে ফেরাতে, ফিলিস্তিনিদের কাছে সহায়তা পৌঁছাতে এবং যুদ্ধের অবসান ঘটাতে। আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলের প্রশংসা করছি, যারা নতুন করে যুদ্ধবিরতির এই চুক্তিটি সফলভাবে সম্পন্ন করেছেন।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘এখন যুক্তরাষ্ট্র ও বিশ্বের সমর্থন নিয়ে মধ্যপ্রাচ্য শান্তির পথে এগিয়ে যাচ্ছে— এমন এক শান্তি, যা দীর্ঘস্থায়ী হবে বলে আশা করি। এমন এক ভবিষ্যৎ যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা সমানভাবে শান্তি, মর্যাদা ও নিরাপত্তার ভাগীদার হবে।’