খুলনা রেঞ্জের অধীনে সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা হতে ৪৮ কেজি হরিণের গোমাংসসহ মো. দিদারুল ইসলাম (৪০) নামে এক শিকারিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৫ কেজি মাছ ও ২টি নৌকা এবং হরিণ ধরার সরঞ্জামও জব্ধ করা হয়েছে। গ্রেপ্তার দিদারুল মহারাজপুর গ্রামের মৃত হামিদ গাজীর ছেলে।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, নিয়মিত অভিযানে শাকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংসসহ শিকারি মো. দিদারুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১১৫ কেজি মাছ ও ২টি নৌকা এবং হরিণ ধরার সরঞ্জাম জব্ধ করা হয়েছে। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ১নম্বর কয়রা গ্রামের মনিরুল সরদার পালিয়ে যায়। এ বিষয়ে বন আইনে মামলা দায়ের এবং জব্দকৃত মাছ ও হরিণের মাংস আদালতের মাধ্যমে বিনষ্ট করা হয়েছে।