বিত্র কোরআন অবমাননার অভিযোগের মামলায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালত উভয় শুনানি শেষে এ আদেশ দেন। গত ৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক চাঁদ মিয়া আসামি অপূর্বকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালত আসামির উপস্থিতিতে রিমান্ডের শুনানির জন্য গতকাল দিন ধার্য করেছিল। গতকাল তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়।
শুনানি চলার সময় আসামি অপূর্ব পাল আদালতকে জানান, ঘটনার দিন কি হয়েছে, তার মনে নেই। তার সঙ্গে অদৃশ্য কিছু আছে বলে দাবি করেন। গত ৪ অক্টোবর মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কোরআন অবমাননা করেন বলে অভিযোগ ওঠে।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও আপলোড করেন।
পরে রাতেই উত্তেজিত একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে ভাটারা থানার উপ-পরিদর্শক হাসমত আলী বাদী হয়ে এ মামলাটি করে।