৯৯ রানের উদ্বোধনী জুটি, ১ উইকেটে ১৭৩ রান- মনে হচ্ছিল সাড়ে তিনশ পেড়িয়ে যাবে আফগানিস্তানের দলীয় সংগ্রহ। কিন্তু দ্য ম্যান উইথ গোল্ডেন আর্ম সাইফ হাসানের হাতে বল তুলে দেওয়া মাত্রই চিত্রনাট্য বদলে যায় ম্যাচের। মাত্র ৪ ওভারের স্পেলে এক মেডেনসহ ৬ রান দিয়ে সাইফ শিকার ধরেন তিনটি। আর আগের ম্যাচের মতো এবারও ৯৫ রানে কাটা পড়েন ইবরাহিম জাদরান। ম্যাচের নিয়ন্ত্রণ তখন বাংলাদেশের হাতে। কিন্তু শেষ দিকে মোহাম্মদ নবির ঝড়ো ফিফটিতে ৯ উইকেটে ২৯৩ রানের পুঁজি পায় আফগানরা।
রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান মিলে এদিন আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন। ৭ ওভারেই তারা পঞ্চাশ রান তুলে নেয়। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলে নেয় আফগানিস্তান। ১৬তম ওভারে গিয়ে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ৪৪ বলে ৪২ রান করা গুরবাজকে এলবিডব্লিউ করে আউট করে তানভীর ইসলাম। দ্বিতীয় উইকেটে সেদিকউল্লাহ অতল ও ইবরাহিম গড়েন ৭৪ রানের জুটি। এই জুটি ভেঙেই বাংলাদেশকে আশার আলো দেখান সাইফ। নিজের দ্বিতীয় ওভারে সাইফ আউট করেন ১০ বলে ২ রান করা হাশমতউল্লাহ শাহিদিকে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ৯৫ রান করে আউট হয়েছেন ইবরাহিম। নাহিদের সরাসরি থ্রোতে রান আউট হয়ে মাঠ ছাড়েন। এরপর সাইফ আউট করেন ইকরাম আলিখিলকে।
১ উইকেটে ১৭৩ থেকে ২৪৯ রানে যেতে ৯ উইকেট হারিয়ে বসার পর আফগানদের হয়ে টর্নেডো ইনিংস খেলেন দলটির সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি। ৫ ছক্কা, ৪ চারে তার ৩৭ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে বোর্ডে ২৯৩ রান জড়ো করে আফগানরা। সাইফের তিন উইকেটের পাশাপাশি জোড়া উইকেট শিকার করেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।