সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

ক্ষমতা অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭ কোটি ৯৬ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. শিবলী সাদিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা করেছে। গতকাল মঙ্গলবার সংস্থাটির উপসহকারী পরিচালক বাদী হয়ে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে মামলা দুটি করেন।

মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে সাবেক এমপি মো. শিবলী সাদিকের স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৮ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩৪১ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

এর মধ্যে ১০ কোটি ৮০ লাখ ২ হাজার ৭০৮ টাকার সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া যায়। অবশিষ্ট ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৩৩ টাকার সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। যা তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করে নিজ ভোগ দখলে রাখার অপরাধে মামলাটি দায়ের করা হয়।

দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের নামে মামলা : দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে দুদক।

মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেনের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৬ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৫৬১ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

এর মধ্যে ৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৯৩৬ টাকার সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া যায়। অবশিষ্ট ৭ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকার সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। যা তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করে নিজ ভোগ দখলে রাখার অপরাধে মামলাটি করা হয়।