আমজাদ হোসেনের প্রার্থিতা হাইকোর্টে বৈধ ঘোষণা

চট্টগ্রামে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। গতকাল মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ আমজাদ হোসেনের করা রিট পিটিশনের শুনানি শেষে প্রার্থিতা বৈধ ঘোষণা করে তার নাম উল্লেখপূর্বক ব্যালট নম্বর প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়।

আগামী ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বার নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর অর্ডিনারি গ্রুপ থেকে পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল করেন। কিছু নির্বাচন বোর্ড বাছাই শেষে ‘সিআইবি রিপোর্ট ইতিবাচক নয় এবং পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ নেই’ মন্তব্য সংযুক্ত করে তার মনোনয়ন বাতিল করে দেয়। পরে আমজাদ হোসেন চৌধুরী নির্বাচনী আপিল বোর্ডে আপিল করলে বোর্ডও তা নামঞ্জুর করে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে গত ১৩ অক্টোবর হাইকোর্টে রিট পিটিশন করেন আমজাদ হোসেন।

আমজাদ হোসেনের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান জোবায়েরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে রিট পিটিশনের শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে তার নাম উল্লেখপূর্বক ব্যালট নম্বর প্রদানের নির্দেশ দেয়। হাইকোর্টে আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও কেএম সাইফুল ইসলাম মামলা পরিচালনা করেন।

জানতে চাইলে আমজাদ হোসেন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘মহান আল্লাহর রহমতে আমার প্রার্থিতা বহাল হয়েছে। এখন নির্বাচনী কাজে সবার সহযোগিতা চাইব। সেই সঙ্গে ভোটারদের ভোট এবং সবার দোয়া চাই।’