মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে জামায়াত

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন। দুপুরে মিরপুরের একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগলে অন্তত ১৬ জনের মৃত্যু হয় এবং অনেকে গুরুতর দগ্ধ হন।

রাতে ঘটনাস্থলে গিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন করেন। 

তিনি পোশাক কারখানা ও গুদামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে তিনি নিহতদের প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনের দলীয় প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এবং ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন।